Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ২৭, ২০২০ , ৪:৪৯ অপরাহ্ণ

গণভবন থেকে সব কিছু মনিটরিং করছেন প্রধানমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সব ধরনের কার্যক্রম ও প্রস্তুতি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বসেই তিনি সার্বিক খোঁজখবর রাখছেন। প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন সরকারের মন্ত্রী, উচ্চ পদস্থ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদফতরের শীর্ষ কর্মকর্তাদের। বিভাগীয় হাসপাতালগুলোতেও খোঁজখবর নিয়েছেন তিনি। অন্যদিকে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষগুলো যাতে খাবার সংকটে না পড়ে সেজন্য তাদের পাশে দাঁড়াতে দলীয় এমপি-মন্ত্রী ও নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের একাধিক কর্মকর্তা ও আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে বিশ্বনেতাদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উদ্বিগ্ন। তিনি সব সময় স্বাস্থ্য অধিদফতর, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। দিচ্ছেন প্রয়োজনীয় দিকনির্দেশনা। কথা বলেছেন, বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গেও। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজখবর রাখছেন তিনি। এ প্রসঙ্গে আওয়ামী লীগের কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম আজকালের কন্ঠ কে বলেন, শুধু করোনা পরিস্থিতি নিয়ে নয়, যে কোনো দুর্যোগ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কথা ভাবেন। তিনি গতকালও গণভবন থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করেছেন। টেলিফোনে সরকারের একাধিক মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেছেন। দিয়েছেন প্রয়োজনীয় দিকনির্দেশনা।

আজকালের কন্ঠ / মিজান

প্রিন্ট করুন