স্পোর্টস ডেস্ক : বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ ২৪৭ রানের লক্ষ্য দেয় আয়ারল্যান্ডকে। রান তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ১৬.৩ ওভারে ৬৫ রান তুলতেই আসে বৃষ্টি। এর পর আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
যদিও এদিন আগে ব্যাট করা বাংলাদেশ বড় সংগ্রহ করতে ব্যর্থ হয়। একাদশে ছিলেন ছয়জন স্পেশালিস্ট ব্যাটার। একজন ব্যাটার কম থাকা এবং টাইগারদের মাঝারি পুঁজির পেছনে এর কোনো ভূমিকা ছিল কিনা— এমনটি জানতে চাওয়া হয় ব্যাটার নাজমুল হোসেন শান্তকে।
শান্ত আরও বলেন, ‘আমার কাছে মনে হয় এটা আমাদের কাছে নতুন একটি অভিজ্ঞতা। মিরাজ খুব ভালো অবস্থায় আছে ব্যাটিংয়ে। আমরা যদি অতীতের কিছু ম্যাচ দেখি খুব ভালো ভালো জায়গা থেকে সে আমাদের জিতিয়েছে। আমরা মিরাজকে এভাবে দেখছি না যে, সে মোটামুটি ব্যাটিং করতে পারে। সেটি আমরা চিন্তাই করছি না। সে একজন প্রোপার ব্যাটার। সে ভালো অবস্থায় আছে। কিন্তু এটা একটু নতুন অভিজ্ঞতা।’
তিনি বলেন, ‘আমরা যদি আজকের ম্যাচের কথা চিন্তা করি। ছোট ছোট জুটির পর আমরা যে উইকেটগুলো হারিয়েছি এটি যদি না হতো না হলে এ রকম পরিস্থিতি হতো না। ওপরের ব্যাটাররা যদি আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করত, তা হলে মনে হয় এ রকম পরিস্থিতি তৈরি হতো না।’