Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মে ৬, ২০২৩ , ৬:১৯ অপরাহ্ণ

নির্বাচনী আচরণবিধি না মানলে জেল জরিমানা : ইসি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান বলেছেন, পাঁচ সিটির নির্বাচনী প্রচারণায় ঘরোয়া সভা করতেও পুলিশকে জানাতে হবে।

শনিবার (৬ মে) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, প্রার্থীদের অবহিত করতে সম্প্রতি রিটার্নিং কর্মকর্তাদেরকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

মো. আতিয়ার রহমান বলেন, চলতি মে ও আগামী জুন মাসের মধ্যে দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল পথসভা বা ঘরোয়া সভা ছাড়া আর কোনো সভা করতে পারবেন না। তবে পথসভা বা ঘরোয়া সভা করতেও স্থানীয় পুলিশকে জানাতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পথসভা ও ঘরোয়া সভা করতে চাইলে প্রস্তাবিত সভার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে তার স্থান এবং সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। যাতে ওই স্থানে চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। এ ছাড়া জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করতে পারে এমন কোনো সড়কে পথসভা বা তদুদ্দেশ্যে কোনো মঞ্চ তৈরি করতে পারবেন না।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী আচরণবিধি না মানলে জেল, জরিমানা; এমনকি প্রার্থিতা বাতিলও হতে পারে।

বর্তমানে গাজীপুর সিটি নির্বাচনের আপিল কার্যক্রম চলছে, আপিল নিষ্পত্তির শেষ সময় ৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে। প্রতীক বরাদ্দের পর ৯ মে থেকে এ সিটিতে প্রচার চালানো যাবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে।

 

প্রিন্ট করুন