নিজস্ব প্রতিনিধি : নোয়াখালী জেলা কারাগারে এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থী অংশ নিয়েছেন।
রোববার (৩০ এপ্রিল) নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে জেলা কারাগার কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি।
পরীক্ষার্থী আরাফাত সুবর্ণচর উপজেলার বাসিন্দা। তিনি চরজব্বর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ছাত্র।
জেলা কারাগারের ডেপুটি জেলার সৈয়দ মো. জাবেদ হোসেন জানান, নিয়ম অনুযায়ী আরাফাতের পরীক্ষার প্রশ্ন ও খাতা শহীদ জয়নাল আবেদীন সরকারি উচ্চবিদ্যালয় থেকে দেওয়ার কথা। সুবর্ণচর থেকে জেলা কারাগারে নিয়ে যেতে যে সময় যাবে, তাতে আরাফাতের অনেক সময় চলে যাবে। তাই জেল হাজতের কাছের কেন্দ্র জিলা স্কুল থেকে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়।
জেল সুপার মো. গোলাম দস্তগীর বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলায় জেল হাজতে থাকায় আরাফাতের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সুযোগ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, আরাফাত জেলে থেকে জেল সুপারের মাধ্যমে নোয়াখালী জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত আরাফাতের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিতে বোর্ড কন্ট্রোলারকে নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশ মোতাবেক কারাগারের মধ্যেই আরাফাতের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে বলা হয়।