Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ২৮, ২০২৩ , ১২:১৪ অপরাহ্ণ

‘নির্বাচনে বাধা দিলে প্রতিহত করা হবে’: ওবায়দুল কাদের

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুষ্ঠু নির্বাচনকে বানচাল করতে এলে তাদের প্রতিহত করা হবে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করব। নির্বাচনে সবাইকে আসতে বলছি।

শুক্রবার (২৮ এপ্রিল) বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কখনো দ্রুত, কখনো ধীরগতির আন্দোলন, মানববন্ধন, পদযাত্রা, গণঅভ্যুত্থান করছে। পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা করতে যাচ্ছি না। তবে অপরাজনীতি থেকে এদেশের জনগণের জানমাল রক্ষায় আমরা শান্তি সমাবেশ করছি। আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকব। জনগণকে শান্তির ডাক জানিয়ে দিতে চাই।

ওবায়দুল কাদের বলেন, হত্যা, ষড়যন্ত্র, বিশ্বাস ঘাতকতার বদলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব, তাদের পরাজিত করব, পরাভূত করব আমরা।

শেখ জামালের কথা স্মরণ করতে গিয়ে তিনি বলেন, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ৭৫ সালের ৩ নভেম্বর ও ২০০৪ সালের ২১ আগস্টে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনাগুলো একইসূত্রে গাঁথা বলে দাবি করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।

পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেনসহ অনেকে।

প্রিন্ট করুন