Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ এপ্রিল ১৭, ২০২৩ , ৪:৩২ অপরাহ্ণ

গাজীপুরে ওয়ালটনে ৩ শ্রমিকের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রির হেডকোয়ার্টারে ইফতারের পর তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

গত রোববার (১৬ এপ্রিল) রাতে প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের হেডকোয়ার্টারে রোববার এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। পবিত্র মাহে রমজান উপলক্ষে কারখানায় প্রতিদিন প্রায় ১৩ হাজার জনবল ইফতার গ্রহণ করে থাকেন। বরাবরের মতো রোববারও প্রতিষ্ঠানের অভ্যন্তরে সবার জন্য স্বাস্থ্যসম্মত ইফতারের আয়োজন করা হয়। ইফতার গ্রহণের সময়ে পাঁচজন শ্রমিক নিজস্ব ব্যবস্থাপনায় মূল ডাইনিংয়ের বাইরে শরবত জাতীয় পানীয় তৈরি করে পান করেন। এর কিছুক্ষণ পর ওই পাঁচজন শ্রমিকের মধ্য থেকে তিনজন অসুস্থবোধ করেন। তাৎক্ষণিক ওয়ালটনের মেডিকেল টিম তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে কারখানার নিজস্ব অ্যাম্বুলেন্সে করে দ্রুত পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই তিন শ্রমিক মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে আরেকজন শ্রমিক অসুস্থবোধ করলে তাকেও জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুচিকিৎসার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ওয়ালটন পরিবারের তিনজন সদস্যের আকস্মিক প্রয়াণে একদিনের শোক ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ উপলক্ষে সোমবার কারখানা বন্ধ রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রিন্ট করুন