নিজস্ব সংবাদদাতা খান মো: মেহেদী: বৈশাখ নিয়ে বাঙালির মধ্যে উৎসাহ-উদ্দীপনা চিরাচরিত। এ যেন আমাদের রক্তেই মিশে আছে। এটি কেবল পালন করা নয় বরং অন্তর দিয়ে লালন করা হয়। বাঙালিদের কাছে বৈশাখ বরণের প্রথম ও প্রধান অনুষঙ্গ পান্তা-ইলিশ। আর এই বৈশাখকে ঘিরে প্রতি বছরই দেশের বাজারগুলোতে ইলিশের দামে আগুন লাগে। হুড়হুড় করে দাম বেড়ে যায় দ্বিগুণ তিনগুণ। তারপরও পোশাক-প্রসাধনীর পাশাপাশি শখের ইলিশ কিনতে এক সপ্তাহ আগে থেকেই সবাই বাজারমুখি হয়। সেই সুযোগটা কড়ায়গণ্ডায় তুলে নিচ্ছে ব্যবসায়ীরা।
বৈশাখের প্রথম দিনে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড পৌর মাছ বাজারে বিভিন্ন আকারের ইলিশের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। তবে রমজানের কারণে এবার বরিশালের বাকেরগঞ্জে বৈশাখের প্রথম দিনেও তেমন আমেজ দেখা যাচ্ছে না। তাই বাজারে ইলিশের চাহিদাও অন্য বছরগুলোর তুলনায় কিছুটা কম। তবে বাজারের ক্রেতার উপস্থিতি কম থাকলেও ইলিশের দাম বেশ চড়া।
পৌর মাছ বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ইলিশের সরবরাহ বেশ ভালো। ডিমওয়ালা ও ডিমছাড়া—দুই ধরনের ইলিশই মিলছে। এর মধ্যে প্রায় ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ১২০০ টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত। দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা দরে। তবে ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ছোট আকারের ইলিশ কেজি মিলছে ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যেই। তবে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও একরকম ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রেতারা। ব্যবসায়ীদের সাথে কথা হলে তাঁরা বলেন, আজ পয়লা বৈশাখ উপলক্ষে তাঁরা অন্য সময়ের তুলনায় কিছুটা বেশি পরিমাণে ইলিশ বাজারে তুলেছেন। তবে এবার রমজানের কারণে ইলিশের তেমন চাহিদা নেই।
আজ সকাল ১০টার দিকে পৌর মাছ বাজারে ইলিশ কিনতে গিয়েছিলেন পৌর এলাকার মোনায়েম খান তিনি ৫০০ গ্রাম ওজনের দুই কেজি ইলিশ কিনেছেন ১৮০০ টাকায়। পয়লা বৈশাখ উপলক্ষে তিনি ইলিশ কিনেছেন, তিনি আরো বলেন, আজ পহেলা বৈশাখ রমজান মাস তাই সকালে তো পান্তা ইলিশ খাওয়া হয়নি। ইফতারের পরে বাসার সবাই মিলে পয়লা বৈশাখের রাতে ইলিশ খাব। বাসায় ছেলে মেয়ে রয়েছে তারাও ইলিশ পছন্দ করে। এ জন্য ইলিশ কিনেছি।
পৌর মাছ বাজারের ব্যবসায়ীরা বলেন, তারা প্রায় এক যুগ ধরে ধরে মাছের ব্যবসা করছেন। তবে এবার রমজানর করণে ইলিশের বেচাকেনা কিছুটা কম। পয়লা বৈশাখ ঘিরে আগে যেখানে দিনে শত শত কেজি ইলিশ বিক্রি করতে পারতেন, এবার তার তুলনায় অর্ধেকের কম ইলিশ বিক্রি করেছেন। তবে আজ সন্ধ্যার পর ইলিশ বেচাকেনা বাড়তে পারে বলে আশা করছেন তারা।