আজকালের কন্ঠ ডেস্ক : রমজান মাসে রাজপথে কর্মসূচি না দেওয়ার ঘোষণা দিলেও ফের শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। প্রায় ২৫ দিনের বিরতির পর আজ সোমবার রাজধানীতে শান্তি সমাবেশের আয়োজন করতে যাচ্ছে ক্ষমতাসীন দলটি। চলমান আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি আজ সারাদেশের ইউনিয়ন পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবে। একই দিন দুপুর ২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে শান্তি সমাবেশ হবে। দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।
রোজা শুরু হওয়ার আগে টানা প্রায় তিন মাস ধরে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে শান্তি সমাবেশের কর্মসূচি পালন করে আসছিল আওয়ামী লীগ। বিশেষ করে বিএনপি এবং তার মিত্রদের আন্দোলন কর্মসূচির দিনটিতেই শান্তি সমাবেশ ও সতর্ক অবস্থানের কর্মসূচি পালন করছিলেন সরকার সমর্থকরা। সবশেষ ১৮ মার্চ পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে রাজপথে শোডাউন করেছে ক্ষমতাসীন ও সরকারবিরোধীরা।
আজকের শান্তি সমাবেশটি হবে রাজধানীতে আওয়ামী লীগের রোজার মাসের প্রথম রাজনৈতিক কর্মসূচি।