স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। আসরে নারী ফুটবল ইভেন্টে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের।তবে সাফজয়ী সাবিনা খাতুনদের অলিম্পিকে খেলার স্বপ্নের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থাভাব।
বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল মিয়ানমারে অনুষ্ঠিত হবে নারী অলিম্পিকের বাছাইপর্ব। সেখানে বাংলাদেশ নারী ফুটবল দলের অংশগ্রহণ করার কথা ছিল। তবে আর্থিক সংকটের কারণে আমরা সেখানে যতে পারছি না। ’
প্যারিস অলিম্পিকের বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপের খেলা আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। যেখানে বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মিয়ানমার, ইরান ও মালদ্বীপ।