Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ১৪, ২০২৩ , ৫:২০ অপরাহ্ণ

শিল্পকলা একাডেমির পরিচালক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পেলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী দুই বছরের জন্য জ্যোতিকে চুক্তিতে ওই পদে দায়িত্বের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা, ১৯৯২ এর বিধি-৩(ঘ) অনুযায়ী অভিনয়শিল্পী ও সংস্কৃতিমনস্ক ব্যক্তি জ্যোতিকা পাল জ্যোতিকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক থাকেন একজন। সঙ্গে থাকেন চারজন পরিচালক। তাদেরই একজন হলেন এই অভিনেত্রী। তবে কোন বিভাগের দায়িত্ব গ্রহণ করছেন তা এখনো জানা যায়নি।

অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ময়মনসিংহের মেয়ে জ্যোতি। বর্তমানে তিনি দলটির বন ও পরিবেশ উপ কমিটিতে আছেন। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসনে উপনির্বাচনের অংশ নেওয়ার জন্য মনোনয়ন কিনেছিলেন জ্যোতি। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার টিকিট চেয়েছিলেন এ অভিনেত্রী।

 

প্রিন্ট করুন