মিজানুর রহমান : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, “আমরা
জামালপুরের জন্য যখন যা চেয়েছি শেখ হাসিনা তাই দিয়েছেন ৷ আমাদের সকল প্রত্যাশা তিনি ইতোমধ্যে পূরণ করেছেন ৷ আমাদের এখন আর খুব বেশি কিছু প্রত্যাশা নেই ৷ শুধুমাত্র সড়ক যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতির জন্য আর সামান্য কিছু দাবি-দাওয়া আছে , সেই দাবিগুলো পূরণ হয়ে গেলে সারাদেশের উন্নত দশটি জেলার একটি হবে জামালপুর ৷ “
এসময় তিনি নতুন করে আরও পাঁচটি দাবি পেশ করেন ৷ সেগুলো হলো :
(১) ঢাকা-ময়মনসিংহ চারলেন সড়কটিকে ময়মনসিংহ থেকে জামালপুর হয়ে বকশীগঞ্জের কামালপুর পর্যন্ত জাতীয় মহাসড়কে উন্নীতকরণ ।
(২) ঢাকা-এলেঙ্গা চারলেন মহাসড়কটিকে এলেঙ্গা থেকে জামালপুর হয়ে মেলান্দহ-ইসলামপুর-দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পর্যন্ত জাতীয় মহাসড়কে উন্নীত করণ ।
(৩) বেলটিয়া থেকে মাছিমপুর পর্যন্ত বাইপাস সড়ক যেটি এলজিইডি’র মাধ্যমে বাস্তবায়িত হয়েছে সেটিকে সড়ক বিভাগে হস্তান্তর করে রাস্তা আরও প্রশস্ত করণ ।
(৪) কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুর থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ হয়ে ইসলামপুর-মেলান্দহ-মাদারগঞ্জ-সরিষাবাড়ি হয়ে ধনবাড়ি পর্যন্ত সড়কটিকে সড়ক ও জনপদে হস্তান্তর করে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করণ ।
(৫) জামালপুর শহরের ভিতরের প্রধান সড়কটিকে আরও প্রশস্তকরণের দাবি জানান ৷
গত শনিবার বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি , প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক , প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক , সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন , সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল , তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা। জনসভাটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী ।
আজকালের কন্ঠ ,দেলোয়ার /মিজান