কবি : শ্যামল বণিক অঞ্জন
রাজনীতিটা দাবার মতোই
খেলতে মেধা ঢালতে হয়,
জেনে বুঝে দেখে শুনে
ঘুঁটিটা ঠিক চালতে হয়।
একটু ওলট পালট হলেই
বড় ধরা খেতে হয়,
ভোটের কালে ময়দানেতেও
জবাব কড়া পেতে হয়।
নেতা হওয়া নয়তো সহজ
লম্বা হলেও হেলতে হয়,
আমজনতার অন্তপুরে
রঙিন ডানা মেলতে হয়।
আন্দোলন আর সংগ্রামেরই
পথটা কঠিন হাঁটতে হয়,
দমন পীড়ন সহ্য করে
জেলও শেষে খাটতে হয়।
দেশ জনতা হৃদয় থেকে
স্নেহ ভালোবাসতে হয়,
বিঘ্ন বাঁধা কাঁটা দলেও
ওদের কাছে আসতে হয়।
দু:খ সুখে সারাজীবন
পাশাপাশি থাকতে হয়,
মাথার উপর বটবৃক্ষ
হয়ে ছায়ায় ঢাকতে হয়।