দুমকিতে খাস জমিতে ইটভাটা নির্মাণ! | Daily AjKaler Kontho

দুমকিতে খাস জমিতে ইটভাটা নির্মাণ!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২০, ১০:২৪ অপরাহ্ন
দুমকিতে খাস জমিতে ইটভাটা নির্মাণ!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে বাহেরচর মৌজায় জেগে ওঠা চরে বন্দোবস্তের সরকারী খাস জমিতে অবৈধভাবে ইটভাটা নির্মাণ করা হচ্ছে। বন্দোবস্ত প্রাপ্ত প্রায় ১০ কৃষকের অন্তত: ৫একর জমি জবর-দখল করে পাতাবুনিয়া নদীর তীরবর্তি দক্ষিন পাড় এলাকায় স্কাভেটর মেশিন দিয়ে চলছে মাটি কাটার কাজ। গড়ে তোলা হচ্ছে সুউচ্চ মাটির স্তুপ। দেখার যেন কেউ নেই।

স্থানীয়সূত্রে জানা যায়, দুমকি উপজেলার বাহেরচর মৌজায় সরকারী বন্দোবস্তের এ সব খাস জমি জবর-দখল করে অবৈধভাবে ইটভাটা তৈরীর চেষ্টায় লিপ্ত রয়েছে পাতাবুনিয়া বাচ্চু হাওলাদার ও লাভলু শরীফ নামের দুই প্রভাবশালী ব্যক্তি। তারা প্রশাসনকে ম্যানেজ করে পেশী শক্তির জোড় খাটিয়ে ইটভাটা নির্মাণ করছেন। অভিযোগ রয়েছে, প্রশাসনিক অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই চালিয়ে যাচ্ছেন ইটভাটা নির্মাণের কাজ।
কার্ডহোল্ডার বাহেরচর গ্রামের জিয়াউর রহমান জিয়া অভিযোগ করেন, বাচ্চু ও লাভলু অবৈধভাবেই জমিজমা দখল করে নিয়েছে। একই এলাকার কাইয়ুম অভিযোগ করে বলেন, চরে ইটভাটা নির্মাণে বাঁধা দিতে গেলে মেরে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিী দিচ্ছেন ওই প্রভাবশালীরা। নির্মাণাধীন ইটভাটার মালিক বাচ্চু হাওলাদার অবশ্য অভিযোগ অস্বীকার বলেন, নিজেদের রেকর্ডিয় জমিতে তারা ইটভাটা নির্মাণ করছেন। প্রচলিত নিয়মের সকল বিধিবিধান অনুসরণ করেই কাজ শুরু করা হয়েছে। প্রশাসনিক অনুমতি ও পরিবেশগত ছাড়পত্র নেয়া হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান বলেন, কোথাও এমন ঘটনা ঘটলে তা তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান বলেন, অবৈধ ইটভাটা নির্মাণের খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করে তাদের নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে।

আজকালের কন্ঠ / আমির হোসাইন /মিজান