Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ মার্চ ৩, ২০২৩ , ৫:২২ অপরাহ্ণ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হলো তিন দিনব্যাপী পর্যটন মেলা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্কঃ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শুরু হয়েছে তিন দিনব্যাপী পর্যটন মেলা। এটির উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৩’ শীর্ষক এ মেলার ১১তম আসরের আয়োজন করেছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। দেশ-বিদেশের ১৪৬টি পর্যটন প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করছে। এবারের মেলায় পৃষ্ঠপোষকতা করেছে ফার্স্ট ট্রিপ। সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফবিসিসিআই ও বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।

মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো নিজেদের সেবার ওপর বিশেষ মূল্যছাড়সহ নানা সুবিধা দিচ্ছে। আর ট্যুর অপারেটররা বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ অফার করছে। মেলা চলবে ৪ মার্চ পর্যন্ত।
মেলা ঘুরে দেখা যায়, আন্তর্জাতিক ও দেশী এয়ারলাইনস, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, হাসপাতালের ১৪টি প্যাভিলিয়নসহ ১৪৬টি স্টল রয়েছে। মুজিব বাংলাদেশ কর্নার ও ফটোবুথও আছে। ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। সাইডলাইন ইভেন্ট হিসেবে আছে বি টু বি সেশন, সেমিনার ও গোলটেবিল আলোচনা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, টোয়াবের তিনদিনব্যাপী পর্যটন মেলা দেশী-বিদেশী পর্যটক আকৃষ্ট করতে সহায়ক হবে। এ মেলার মাধ্যমে সংশ্লিষ্টরা বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনাকে অন্যান্য দেশের মানুষের সামনে তুলে ধরার সুযোগ পাবে।

টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. আনোয়ার হোসেন বলেন, ‘এবারের মেলা আগের বছরের তুলনায় অনেক আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া মেলায় প্রডাক্ট ব্র্যান্ডিং, পর্যটন বিষয়ে সেমিনার, গোলটেবিল আলোচনা, কর্মশালা, বিটুবি সেশনসহ আকর্ষণীয় সব আয়োজন নিয়ে কাজ করা হচ্ছে। দর্শনাথীদের জন্য প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও দেশের পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

টোয়াবের সভাপতি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডির সদস্য শিবলুল আজম কোরেশী বলেন, ‘পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন এ মেলার প্রধান উদ্দেশ্য। এবারের পর্যটন মেলা ব্যবসায়ী, দেশী-বিদেশী পর্যটক এবং পাটশিল্প সংশ্লিষ্ট সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে বলে প্রত্যাশা করছি।’

 

প্রিন্ট করুন