আজকালের কন্ঠ ডেস্ক : ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন থামানোসহ যুদ্ধ বন্ধে বেশ কিছু বিষয়ে আলোচনা করতে চীন সফরে যাচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ম্যাক্রোঁ নিজেই জানিয়েছেন তিনি আগামী এপ্রিলে চীন সফর করবেন। সেখানে চীন সরকারের সহায়তায় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামানোর বিষয়ে আলোচনা হবে।
যুদ্ধ বন্ধে চীনের ১২ দফা শান্তি প্রস্তাবের পরই ফরাসি প্রেসিডেন্ট চীন সফরের ঘোষণা দিলেন।
ম্যাক্রোঁ বলেন, সংঘাত নিরসনে চীনের শান্তি প্রস্তাব খুবই ভালো একটি উদ্যোগ। একই সঙ্গে রাশিয়া যেন কখনই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে না পারে সে বিষয়ে চীনকে অবশ্যই মস্কোর ওপর চাপ সৃষ্টি করতে হবে।
এদিকে চীনের শান্তি প্রস্তাবের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পরিকল্পনা করছেন।