Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৫, ২০২০ , ৯:২৯ পূর্বাহ্ণ

ভোটে অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়: কাদের

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটের রাজনীতির প্রতি মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়। রাজনীতির প্রতি মানুষের আগ্রহ আরও বেশি হওয়া উচিত।

তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ আশানুরূপ ভোট পায়নি। তবে বিএনপি যে সংখ্যক ভোট পেয়েছে তা খারাপ নয়। সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মঙ্গলবার তিনি এই মন্তব্য করেন।

অসুস্থ হয়ে কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এদিন সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অফিস করেন ওবায়দুল কাদের। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের এত জনসমর্থন, সেখানে আরও বেশি ভোট আশা করেছিলাম। আওয়ামী লীগের যে ভোটের হার, সে তুলনায় উপস্থিতি আশানুরূপ নয়। দু’তিন দিন ছুটি থাকার কারণেও অনেকে চলে (ঢাকার বাইরে) গেছেন। পরিবহন সংকটও কিছুটা দায়ী। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি মনে করি, এখানে আমাদের গভীরভাবে ভাবনার বিষয় আছে। আমাদের ভোটের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ অনুযায়ী, যে ভোট পড়ার কথা ছিল, সেটা তো হয়নি।

আগেভাগে শঙ্কা তৈরির কারণেও কিছু মানুষের ভোটের প্রতি আগ্রহ কমতে পারে মন্তব্য করেন তিনি। তারপরও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একটি ভালো নির্বাচন হয়েছে। তবে এই নির্বাচনে পরাজিত বিএনপির প্রার্থীরা যে ভোট পেয়েছে তা খারাপ নয়। বিএনপি যে অবস্থায় নির্বাচন করেছে, তাদের পার্টির মূল নেতৃত্বই নেই। আমার মনে হয়, তারা ভালো করেছে।

ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচনের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে, এই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো জনমত সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করার জন্য সংগঠন শক্তিশালী করা দরকার। আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য অবিলম্বে কেন্দ্রীয় কমিটি বৈঠক করবে।

ইভিএমে কিছু ত্রুটি থাকার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইভিএমে এতবড় এলাকায় নির্বাচন নতুন অভিজ্ঞতা। এর আগে বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে ইভিএমের ব্যবহার হয়েছে। নতুন অভিজ্ঞতায় প্রায়োগিক বাস্তবতায় কিছু ভুলত্রুটিও থাকতে পারে। তবে যারা ভোট দিয়েছেন অনেকেরই প্রতিক্রিয়া হচ্ছে খুব সহজে ভোট দিতে পেরেছেন। এত বড় এলাকায় দু-একটি জায়গায় হয়তো ভুলত্রুটি হয়েছে।

নির্বাচনের সময় ক্ষমতাসীন দলের প্রার্থীদের কর্মী-সমর্থকদের হাতে সাংবাদিক প্রহৃত হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সড়কমন্ত্রী বলেন, বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এটা হওয়া উচিত ছিল না।

আজকালের কন্ঠ /এমএম

প্রিন্ট করুন