বিনোদন ডেস্কঃ মাত্রই বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউডের সবচেয়ে আলোচিত জুটি সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ে নিয়ে সব রকম গোপনীয়তা বজায় রেখেছেন এই জুটি। পারিবারিকভাবেই আয়োজন করা হয়েছে বিয়ের। সম্প্রতি বিয়ের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন নবদম্পতি। এবার বিয়ের অভ্যর্থনার আয়োজন নিয়েই ব্যস্ত দুজন। তবে এরই মধ্যে ফাঁস হয়ে গেল তাদের সংবর্ধনার কার্ড!
বিয়ের পর নতুন বউকে নিয়ে দিল্লিতে নিজের বাড়ি পৌঁছেছেন সিদ্ধার্থ। সেখানে পরিবারের মানুষজনদের নিয়ে ঘরোয়া অভ্যর্থনা পার্টিও করেছেন নবদম্পতি। এবার পালা জাঁকজমক করে বিবাহ-পরবর্তী অভ্যর্থনার। বলিউডের বন্ধুদের নিয়ে বিয়ে উদযাপনে মাতবেন সিদ্ধার্থ-কিয়ারা। কবে, কোথায় আর কখন হবে সেই অনুষ্ঠান তা মূলত গোপন রেখেই চলছিল আয়োজন। তবে ফাঁস হয়ে গেল তাদের বিয়ের অভ্যর্থনার নিমন্ত্রণপত্র।
সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনের কার্ডটি একেবারে সাদামাটা করা হয়েছে। তবে আভিজাত্যের ছোঁয়া রয়েছে এতে। কার্ডে বিয়ের একটি হাসিমাখা ছবি রয়েছে দুজনের। কার্ডের ওপর স্পষ্ট লেখা, অভ্যর্থনার আসর বসবে মুম্বাইয়ের সেন্ট রেজিস হোটেলে। আগামী ১২ ফেব্রুয়ারি রাত ৮.৩০ থেকে অতিথিদের আপ্যায়ন করবেন নবদম্পতি।
বৃহ্স্পতিবার (৯ ফেব্রুয়ারি) ছিল সিদ্ধার্থ-কিয়ারার দিল্লির বাড়িতে পারিবারিক অভ্যর্থনা পর্ব। কোনো রাজকীয় আয়োজন নয়, শুধু পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে বিয়ে উদযাপনে মেতেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। পাঞ্জাবি বর সিদ্ধার্থকে এদিন দেখা গেল একেবারে সাধারণ সাজে। লাল রঙের ফুল স্লিভস টি-শার্ট আর জিন্সের প্যান্টে দেখা গেছে তাকে। অন্যদিকে কিয়ারার দেখা মিলল সাদা সালোয়ার স্যুট আর গোলাপি লেহেঙ্গায়। হাতে গোলাপি চূড়া পরেছিলেন নতুন বউ। সেই ছবিগুলো ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নতুন জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-অনুরাগীরাও।
ঘরোয়াভাবে অনুষ্ঠিত হওয়া সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসরে আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল মাত্র ১০০ জন। বলিউড থেকে এই বিয়েতে উপস্থিত ছিলেন করণ জোহর, মণীশ মালহোত্রা, শাহিদ কাপুর, মীরা রাজপুত, জুহি চাওয়ালার মতো তারকারা। তবে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, বিয়ের অভ্যর্থনায় ইন্ডাস্ট্রির কমবেশি সবাইকেই আমন্ত্রণ জানানো হচ্ছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা