আজকালের কন্ঠ ডেস্ক : নগরবাসীর ভোটে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। তিনি বলেছেন, নির্বাচনে জয়ী হতে পারলে প্রথম দিন থেকেই কাজ শুরু করবেন। ঢাকাকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলবেন।
বুধবার রাজধানীর কদমতলী, শ্যামপুরে নির্বাচনী গণসংযোগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নৌকার পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে ব্যারিস্টার তাপস বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ ৩০ জানুয়ারি আমরা বিপুল ভোটে জয়ী হব। একটি উন্নত ঢাকা উপহার দিতে উন্নয়নের যে রূপরেখা দিয়েছি, ডিএসসিসির বাসিন্দারা তা সাদরে গ্রহণ করেছেন। তাদের প্রত্যাশা পূরণে, মেয়র হিসেবে দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকেই কাজ শুরু করব।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি যেন লঙ্ঘন না হয়, সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি। পাশাপাশি আমাদের নির্বাচন পরিচালনা কমিটিও সতর্ক রয়েছে।
ভোটের দিন সরস্বতী পূজা পড়ছে– এ বিষয়ে জানতে চাইলে তাপস বলেন, নির্বাচন কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল। কিন্তু পঞ্জিকা অনুযায়ী এটি ভুল হয়ে গেছে। এ জন্য আমি সমবেদনা জ্ঞাপন করছি। নির্বাচন যেহেতু নির্ধারিত তারিখেই হবে, তাই আমাদের গণসংযোগ চালিয়ে যেতে হবে।
আজকালের কন্ঠ /এমএম