স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের হার্ডহিটিং অলরাউন্ডার খুশদিল শাহ এবার খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নামের অর্থগত দিক থেকে খুশদিল, হৃদয়ে প্রশান্তি এনে দেওয়ার কথা। অথচ ব্যাট হাতে আজ (১৯ জানুয়ারি) ঢাকা ডমিনেটর্সের দুঃখ বাড়িয়ে দিলেন পাকিস্তানের এই ক্রিকেটার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে এবারের আসরের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন খুশদিল। এই পাকিস্তানির সঙ্গে ফিফটি পেয়েছেন জাতীয় দলে তারই সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। এই দুই ব্যাটসম্যানের ফিফটিতে ঢাকার বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টানা তিন ম্যাচ হারের পর ঢাকাকে আজ জিততে হলে টপকাতে হবে ১৮৫ রানের বিশাল লক্ষ্য। যদিও ঢাকা এদিন বল হাতে ভালো শুরুই পেয়েছিল। প্রথম ওভারেই কুমিল্লার ইনফর্ম ব্যাটসম্যান লিটন দাসের উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ।
প্রথম ১০ ওভারে ঢাকার বোলারদের বিপক্ষে ২ উইকেট হারিয়ে ৬৪ রানের বেশি করতে পারেনি কুমিল্লা। এরমধ্যে অধিনায়ক ইমরুলের ব্যাট থেকে এসেছে ৩৩ রান। তবে এরপর থেকে আগ্রাসী খেলতে থাকে কুমিল্লার ব্যাটসম্যানরা। শেষ ১০ ওভারে তো রিজওয়ান ও খুশদিলের ব্যাটে ১২০ রান তোলে কুমিল্লা।
এরমধ্যে খুশদিল ছিলেন বেশি আক্রমণাত্মক। আমির হামজা হোতাকের এক ওভার থেকে ২৯ রান নিয়ে আক্রমণের শুরু খুশদিলের। শেষ পর্যন্ত ১৮ বলে ৪টি চার ও ৫টি ছয়ে এবারের আসরের দ্রুততম ফিফটি তুলে নেন এই পাকিস্তানি ক্রিকেটার। এর আগে এবারের আসরে রনি তালুকদার ১৯ বলে ফিফটির দেখা পেয়েছিলেন।
ফিফটি পেয়েও মেরে খেলতে থাকেন খুশদিল। শেষ পর্যন্ত মাত্র ২৪ বলে ৬৪ রান করে সৌম্য সরকারের বলে আউট হয়ে ফেরেন এই ক্রিকেটার। এদিকে ওপেনিংয়ে নেমেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন রিজওয়ান। ফিফটি পেতেও অপেক্ষা করতে হয় শেষ ওভার পর্যন্ত।
শেষ পর্যন্ত ৪৭ বলে ৫৫ রান করে দলকে বড় সংগ্রহ এনে দিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন রিজওয়ান। ঢাকার পক্ষে তাসকিন এদিন ৪ ওভারে সাড়ে ছয় ইকোনমিতে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন। এই পেসার ছাড়া বাকি সব বোলারই দেদারসে রান বিলোতে থাকেন।