Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৫, ২০২৩ , ৬:৪৭ অপরাহ্ণ

কোহলি-শুভমানের সেঞ্চুরিতে ভারতের রানের রেকর্ড

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি ও শুভমান গিলের জোড়া সেঞ্চুরিতে তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে রানের রেকর্ড গড়েছে ভারত।

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে কোহলি-শুভমানের সেঞ্চুরিতে ৩৯০ রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে গুয়াহাটি স্টেডিয়ামে বিরাট কোহলির (১১৩) সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৭৩ রানের পাহাড় গড়ে ভারত।

রোববার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৯০ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা।

দলের হয়ে ১১০ বলে ১৩টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১৬৬ রান করে অপরাজিত থাকেন কোহলি। ৯৭ বলে ১১৬ রান করেন শুভমান গিল। ৪৯ বলে ৪২ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ৩২ বলে ৩৮ রান করেন শ্রেয়াস আইয়ার।

তিরুবনন্তপুরমে ওয়ানডে ক্রিকেটে কোনো দলের এটাই সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক উইকেটে ১০৫ রান করে ভারত।

তবে ওয়ানডে ক্রিকেটে ভারতের দলীয় সর্বোচ্চ স্কোর ৪১৮/৫ রান। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনডোরে অধিনায়ক বীরেন্দ্রর শেহবাগের (২১৯) ডাবল সেঞ্চুরিতে ভর করে এই রান করে স্বাগতিকরা।

আর ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ ৪৯৮/৪ রানের মালিক ইংল্যান্ড। গত বছরের জুনে নেদারল্যান্ডসের বিপক্ষে জস বাটলার (১৬২), ডেভিড মালান (১২৫) ও ফিল শিটের (১২২) সেঞ্চুরিতে ভর করে রানের এই পাহাড় গড়ে ইংল্যান্ড।

প্রিন্ট করুন