প্রতি বছরের ন্যায় এবারও মানবতার সেবায় নিজেদের হাত বাড়িয়ে দিয়েছে ‘পায়রা স্পোর্টিং ক্লাব’র এক ঝাঁক তরুণ সদস্যবৃন্দ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার নয়ামাটি এলাকায় ১শ’ অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ক্লাবটি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড মেম্বার হাজী মোঃ রোকন উদ্দিন রোকন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউ. পি. সদস্য অনামিকা হক প্রিয়াংকা, পায়রা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীন, ক্লাবের সভাপতি মোঃ দুলাল মিয়া, ক্লাবের সাধারণ সম্পাদক মনির ভুইয়া, ক্লাবের সাংগঠনিক সম্পাদক সানি আলম সাগর, ক্লাবের সদস্য পারভেজ, রকি, বাবু (রোমান), ইকবাল, সিপনসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, মানবতার সেবায় পায়রা স্পোর্টিং ক্লাবের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি এ উদ্যোগকে সাধুবাদ জানাই। আমাদের সকলের উচিত নিজ নিজ জায়গা থেকে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো।
তিনি আরও বলেন, আমি সব সময় গরীব ও অসহায় মানুষদের জন্য নিজেকে নিয়োজিত রেখেছি। চেষ্টা করছি তাদের জন্য কিছু করার। তাদের মুখে হাসি বজায় রাখতে আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, যে উদ্যোগকে সামনে রেখে পায়রা স্পোর্টিং ক্লাবের তরুণ সদস্যবৃন্দরা মাঠে নেমেছে তারা যেন তাতে সফল হয় এ চাওয়াই থাকবে। আমায় সব সময় পায়রা স্পোর্টিং ক্লাব তাদের পাশে পাবে।
এসময় পায়রা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীন বলেন, শুরুতে ক্লাবটি শুধু খেলাধুলা নিয়ে থাকলেও গত ৪/৫ বছর ধরে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে গরীব ও অসহায় মানুষদের জন্য কিছু করতে পারাটা ক্লাবের প্রতিটি সদস্যের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় এবার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে তাদের কষ্ট দূর করতে কিছুটা হলেও আমরা পেরেছি।
ক্লাবের সভাপতি মোঃ দুলাল মিয়া বলেন, ‘মানুষ মানুষের জন্য’ এ চেতনা বুকে ধারণ করে পায়রা স্পোর্টিং ক্লাব সব সময় চেষ্টা করে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার জন্য। ক্লাবটি বিশ্বাস করে সমাজের সকল বিত্তবানদের, যারা সমাজের ভালো অবস্থানে আছে তারা এ রকম কর্মকাণ্ডে এগিয়ে আসুক। তাতেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
ক্লাবের সাধারণ সম্পাদক মনির ভুইয়া বলেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাই কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু ভাইকে। তার উৎসাহ আর ভালোবাসা না পেলে এ ধরণের সামাজিক কর্মকাণ্ডে আমাদের এগিয়ে আসা সহজ হতো না। যে কোনও প্রয়োজনে বা দরকারে ক্লাব তাকে পাশে পেয়েছে। সঠিক দিক নির্দেশনা পেয়েছে। আমরা ক্লাবের প্রতিটি সদস্য বিশ্বাস করি সেন্টু ভাইয়ের এ ভালোবাসা আমাদের সাথে সব সময় থাকবে।
ক্লাবের সাংগঠনিক সম্পাদক সানি আলম সাগর বলেন, খুব ভালো লাগছে এই ধরনের কর্মকাণ্ডের সাথে থাকতে পেরে। আর খুব গর্বও হচ্ছে পায়রা স্পোর্টিং ক্লাব এর একজন সদস্য হতে পেরে। কারন, পায়রা স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল একটি খেলাধুলার সংগঠন হিসেবে। কিন্তু সময়ের বিবর্তনে শেষ ৪/৫ বছর ধরে অনেক রকমের সমাজ সেবার কাজে আমরা নিয়োজিত আছি এবং আগামীতেও থাকব।
তিনি আরও বলেন, সত্যি বলতে শেষ ৪/৫ বছরই ক্লাব জীবনটা ভালো উপভোগ করতে পেরেছি বলে আমি মনে করি। আর সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। কারণ সকলের সহযোগিতার জন্যই আজ এতদূর আসতে পেরেছি। আর এভাবেই যদি সহযোগিতা পেতে থাকি, আরও অনেক দূর যেতে চাই।