Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৯, ২০২৩ , ২:৪৮ অপরাহ্ণ

মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলীর বাসে ই-টিকিটিং চালু মঙ্গলবার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানী ঢাকার মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলীর ৭১১ বাসে আগামীকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে ই-টিকিটিং সেবা চালু হচ্ছে। সোমবার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, মোহাম্মদপুর, আজিমপুর ও গাবতলী লাইনে ১৫টি কোম্পানির বাস চলাচল করে। এই ১৫ কোম্পানির ৭১১টি বাস রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে এসব বাসে আমরা ই-টিকিটিং সেবা চালু করতে যাচ্ছি।

পূর্বে চালু হওয়া ই-টিকিটি এর সেবার মান নিয়ে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, মিরপুরে ৩০টি কোম্পানির ১৬৪৩ বাসে আমরা প্রথম ধাপে ই-টিকিট চালু করেছিলাম। শতভাগ চালু করতে পারছি এবং সফল হয়েছি তা বলা যাবে না। আমদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, ই-টিকিটিং মনিটরিংয়ে প্রতিদিন আমাদের চারটি টিম মাঠে কাজ করছে। ৯ জন স্পেশাল চেকার হিসেবে কাজ করছে। হট লাইন চালু করে তাদের ট্র্যাকিং করা হচ্ছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, আমরা আপনাদের যে কথা দিয়েছিলাম সে অনুযায়ী ই-টিকিট এর কাজ করে যাচ্ছি। অনেক অনিয়মের অভিযোগ পেয়েছি। তা নিয়ে কাজ চলমান। যে সব কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আসছে, তাদের নিয়েও আমরা বসে তা সমাধানের কাজ করছি।

যাত্রীদের বিরুদ্ধেও অভিযোগ তুলে তিনি বলেন, যাত্রীদের মধ্যেও সমস্যা পেয়েছি। আমরা বাসে স্টিকার লাগিয়েছি, টিকিট ছাড়া ভাড়া দিবেন না। কিন্তু তারা ভাড়া দিচ্ছে। যারা টিকিট ছাড়া ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর হচ্ছি। কঠোর না হলে হবেনা।

কিলোমিটারে কেনো ভাড়া আদায় করা হচ্ছে না প্রশ্নে এনায়েত উল্যাহ বলেন, বিশ্বের কোথাও কিলোমিটারে ভাড়ার ব্যবস্থা নাই। কিন্তু তারপরও আমরা চেষ্টা করছি। বিআরটিএ- এর সঙ্গেও আমরা বসেছি।

তিনি বলেন, এখন পর্যন্ত রাজধানীর দুই হাজার ৩৫৪ বাস ই-টিকিট এর আওতায় আনতে পেরেছি। পরবর্তীতে সায়েদাবাদ এবং ফুলবাড়িয়ার বাসে এই পদ্ধতি চালু করবো। ঢাকা শহর এবং শহরতলীতে পাঁচ হাজার ৬৫০ টি বাস রয়েছে।

আগামীকাল মঙ্গলবার দ্বিতীয় দফায় ই-টিকিটি চালু হওয়া ১৫টি কোম্পানি হলো- মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজ, স্বাধীন লাইন পরিবহন, দেওয়ান এন্টারপ্রাইজ, মালঞ্চ পরিবহন, তরঙ্গ প্লাস ট্রান্সপোর্ট, আলিফ এন্টারপ্রাইজ, অভিন্দন ট্রান্সপোর্ট, বিকাশ পরিবহন, গাবতলী এক্সপ্রেস, মেঘলা ট্রান্সপোর্ট, ভিআইপি অটো মোবাইলস, রমজান আলী এন্টারপ্রাইজ, মিডলাইন পরিবহন ও স্বপ্ন পরিবহন।

 

 

প্রিন্ট করুন