আজকালের কন্ঠ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন কেভিন ম্যাকার্থি। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে স্পিকার হলেন রিপাবলিকান দলের ম্যাকার্থি। খবর: বার্তা সংস্থা রয়টার্স’র।
একবার দুবার নয় ১৪ বার ব্যর্থ হওয়ার পর নাটকীয় ভোটের ১৫তম বারে গিয়ে ফলাফল মেলে। একশ বছরের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে ক্যাপিটল হিলে প্রতিনিধি পরিষদের সভা চলে।
৪২৮ ভোটের মধ্যে কেভিন ম্যাকার্থি পেয়েছেন ২১৬ ভোট আর ডেমোক্র্যাট হাকিম জেফ্রিস পেয়েছেন ২১২ ভোট। আজ শনিবার সকালে যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের স্পিকারের ভোটের ফল জানা যায়।
প্রতিনিধি পরিষদকর্তা শেরিল জনসন বলেন, ‘অবশেষে, জনাব কেভিন ম্যাকার্থি সংখ্যাগরিষ্ঠ ভোটে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হয়েছেন।’
এরপর রিপালিকান সদস্যরা দাঁড়িয়ে ম্যাকার্থিকে অভ্যর্থনা জানান। সবাই ‘ইউএসএ, ইউএসএ’ বলে স্লোগান দিতে থাকেন।
জয়ের পর তাৎক্ষণিক বক্তব্যে কেভিন ম্যাকার্থি বলেন, ‘আমার বাবা সবসময় আমাকে বলতেন, কীভাবে শুরু করলে তা বড় বিষয় নয়, শেষটা কেমন হলো সেটিই মুখ্য। এখন আমাদেরকে আমেরিকানদের জন্য শক্তপোক্ত একটা শেষ লড়াই করতে হবে।’
১৫তম স্পিকার ভোটে ডেমোক্রেটিক দলের স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন রিপাবলিকান কেভিন ম্যাকার্থি।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ম্যাকার্থিকে অভিনন্দন জানিয়েছেন। বাইডেন বলেন, ‘আমেরিকার জনগণ চায়, তাদের নেতারা এমনভাবে নেতৃত্ব দিক যেন তাদের (জনগণের) প্রয়োজনটাই বাকি সবকিছুর ঊর্ধ্বে থাকে এবং এখন আমাদের সেটিই করণীয়।’
জো বাইডেন বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের পর আমি বলেছিলাম, রিপাবলিকানদের সঙ্গে কাজ করতে আমি প্রস্তুত। এখন হাউস অব রিপ্রেজেন্টেটিভস সেটি বেছে নিল। সেই প্রক্রিয়া শুরু করার সময় এখন।’