Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ২২, ২০১৯ , ১১:৩২ অপরাহ্ণ

নুরের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনা হবে: নানক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢামেক হাসপাতালে ভিপি নুরকে দেখে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাহাঙ্গীর কবির নানক।

ডাকসু ভবনে ভিপি নুরের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে দোষীদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ‘ঢাবিকে যারা অস্থিতিশীল করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই ঢাবির পরিবেশ নষ্ট হতে দেয়া যাবে না। দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করা হবে। তারা যেই মঞ্চেরই হোক, তাদের বিচারের আওতায় আনা হবে।’

রোববার রাতে ঢাকা মেডিকেলে ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখে বের হওয়ার পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা ছুটে এসেছি তাদের দেখতে। হামলা যে এত বর্বর হয়েছে বুঝতে পারিনি।’

নানক আরও বলেন, ‘হাসপাতালে বহু জরুরি রোগী আছে। কিন্তু কেউ কেউ হাসপাতালে বসে স্লোগান দিচ্ছে। যারা স্লোগান দিচ্ছে তাদের কুমতলব রয়েছে। তাদের বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। যারা স্লোগান দিচ্ছে এরা কারা, তারা কি চায়? এদের উদ্দেশ্য কি? এ বিষয়গুলো আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে সব বিষয় খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। যাতে কেউ কোনো মঞ্চই গোলযোগ করতে না পারে।’

এর আগে ডাকসু ভিপি কার্যালয়ে হামলার ঘটনায় নুরসহ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ও সেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম বেপারি সহ কেন্দ্রের নেতৃবৃন্দ ।

আজকালের কন্ঠ /এসকে

প্রিন্ট করুন