Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২২ , ৮:৩১ অপরাহ্ণ

বিপিএলের ১০ ম্যাচ মাঠে গড়াবে রাজশাহী স্টেডিয়ামে

লেখকঃ আজকালের কণ্ঠ

মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ২০২২-২৩ মৌসুমের খেলা। এবার ১১ দলের এই টুর্নামেন্টটি দেশের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। যেখানে অন্যসব ভেন্যুর সঙ্গে প্রতিযোগিতার ১০টি ম্যাচ মাঠে গড়াবে রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। আগামী ২৩ ডিসেম্বর বেলা আড়াইটায় ফর্টিস এফসি ও বসুন্ধরা কিংস ম্যাচ দিয়ে মাঠে গড়াবে খেলা।

এই মাঠটি নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করবে ফর্টিস এফসি লিমিটেড। ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্থানীয় আয়োজক হিসেবে রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দিয়েছে। তাদের সার্বিক সহযোগিতায় থাকছে জেলা ক্রীড়া সংস্থা।

এই উপলক্ষে শনিবার (১৭ ডিসেম্বর) রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। যেখানে টুর্নামেন্টের রাজশাহীর প্রেস ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক জিয়া হাসান আজাদ হিমেল এসব তথ্য জানিয়েছেন।

জিয়া হাসান জানান, ‘দ্বিতীয়বারের মতো বিপিএল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীর ভেন্যুতে। ফর্টিস এফসি লিমিটেড এবার এই মাঠকে তাদের হোম গ্রাউন্ড ঘোষণা করার কারণে এবারও এখানে খেলা হবে। ১০টি ম্যাচ খেলতে রাজশাহী আসবে মোট ১১টি দল। প্রত্যেক দলেই ইউরোপের বিভিন্ন দেশের খেলোয়াড় থাকবেন।’

উক্ত সংবাদ সম্মেলনে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন