Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ডিসেম্বর ১৫, ২০২২ , ১২:১০ অপরাহ্ণ

আথিয়া-রাহুলকে নিয়ে বড় ঘোষণা দিলেন সুনীল শেঠি

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : সব জল্পনার অবসান ঘটল। আসন্ন জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন কেএল রাহুল ও আথিয়া শেঠি।

কেএল রাহুল ভারতীয় দলের ক্রিকেটার আর বলিউড সুপারস্টার সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি নিজেও বলিউড অভিনেত্রী।

প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর সম্প্রতি বিয়ের সিদ্ধান্ত নিয়েছে এ জুটি। আর এ খবরটি জানিয়েছেন পাত্রীর বাবা সুনীল।

প্রায়শই এ তারকা জুটির বিয়ের কথাবার্তাসহ নানা রঙিন খবর ছড়াত নেটদুনিয়ায়। সম্প্রতি বহু প্রতীক্ষার পর এই সম্পর্ককে স্বীকৃতি দিচ্ছেন এ যুগল। ২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে আথিয়ার সঙ্গে পরিচয় হয় রাহুলের। বর্তমানে তাদের বিয়ের প্রস্তুতি চলছে জোর কদমে।

ভারতীয় গণমাধ্যমে জানা গেছে, ঘরোয়া পরিবেশে সুনিলের খাণ্ডালার বাংলোতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন হবে। মুম্বাই শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ‘জাহান’ নামে কয়েক একর জমির এই প্রাসাদোপম বাংলোটি ১৭ বছর আগে কিনেছিলেন সুনিল। বাগানে ঘেরা এই বাংলোয় রকমারি স্থাপত্য, জলপ্রপাত, সেতু, জলাশয় সবকিছুই রয়েছে।

বলিউড সূত্রের খবর, জানুয়ারি মাসের ২১-২৩ এই তিন দিনে সংগীতসহ অন্যান্য বিয়ের অনুষ্ঠান হবে রাহুল-আথিয়ার। বিয়ে হবে ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় প্রথায়। গায়েহলুদ, সংগীত, মেহেন্দি সবই উদযাপন করা হবে আচার অনুষ্ঠানের মাধ্যমে। অতিথিদের জন্য বিশেষ ড্রেস কোড থাকবে।

ইতোমধ্যে আথিয়া জানান, তার বিয়ের পোশাক তৈরি করবেন জনপ্রিয় ডিজাইনার মনিশ মালহোত্রা। তবে রাহুলের বিয়ের পোশাক নিয়ে কোনো তথ্য জানা যায়নি এখনো।

 

প্রিন্ট করুন