Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৭, ২০২২ , ১১:৫৭ পূর্বাহ্ণ

জাতীয় গ্রিডে যুক্ত আশুগঞ্জের ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

লেখকঃ আজকালের কণ্ঠ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এর মাধ্যমে দেশের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। শনিবার (২৬ নভেম্বর) রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার থেকে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নতুন বিদ্যুৎকেন্দ্রে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে।

চলতি বছরের জুন মাসের শেষের দিকে এপিএসসিএল নতুন নির্মিত ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (ইস্ট) থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। প্রাথমিক পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন কম হলেও পর্যায়ক্রমে তা বাড়তে থাকে।

বর্তমানে এপিএসসিএলের চলমান ছয়টি ইউনিট থেকে দিনে ১ হাজার ২৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। ২০৩০ সালের মধ্যে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে অধিক গ্যাস ব্যবহারকারী ছোট ইউনিটগুলোর পরিবর্তে বৃহৎ ইউনিট স্থাপনের কাজ হাতে নেওয়া হয়।

এর অংশ হিসেবে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক কমিটির সভায় কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (ইস্ট) নামে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।

প্রিন্ট করুন