Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:১০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৪, ২০২২ , ৫:৩২ অপরাহ্ণ

আদালতের কাছে ন্যায়বিচার চাইলেন জয়

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি এ সময় আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন। জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালে পল্টন থানায় মামলা করে পুলিশ।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে রোববার উপস্থিত হয়ে সাক্ষ্য দেন জয়। এ মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য শেষ হয়েছে। এদিন বিকাল ৩টা ১৭ মিনিটে তিনি সাক্ষ্য দিতে আদালতে আসেন। সাক্ষ্য শেষে বিকাল ৪টায় আদালত থেকে বের হন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, আদালতে জয় বলেছেন, ‘দেশে বিএনপির শীর্ষপর্যায়ের নেতারা আমাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রেও মামলা হয়েছে। সেখানে এফবিআইয়ের এজেন্ট রবার্ট লাক্টিটসহ কয়েকজনের শাস্তি হয়েছে।’ পিপি আব্দুল্লাহ আবু বলেন, আমেরিকার মামলায়ও সজীব ওয়াজেদ জয় সাক্ষ্য দিয়েছেন। বাংলাদেশে সাংবাদিক শফিক রেহমানের বাসায় তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। বিভিন্ন কাগজপত্র শফিক রেহমানের বাসা থেকে জব্দ করা হয়েছে। আদালতে তিনি ন্যায়বিচার চেয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে পরস্পর যোগসাজশে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মামলার অপর আসামিরা হলেন- দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

 

প্রিন্ট করুন