মরা গাঙে আর কখনো জোয়ার আসবে না: বিএনপিকে কাদের | Daily AjKaler Kontho

মরা গাঙে আর কখনো জোয়ার আসবে না: বিএনপিকে কাদের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০১৯, ৪:১০ অপরাহ্ন
মরা গাঙে আর কখনো জোয়ার আসবে না: বিএনপিকে কাদের

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপির নেতৃত্বের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন মরা গাঙে পরিণত হয়েছে। স্রোতহীন এই গাঙে আর কখনো জোয়ার আসবে না।

আজ রোববার দুপুরে বরিশাল মহানগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি খালেদার জিয়ার দুই বছরের কারাভোগের ২ মিনিটের জন্যও আন্দোলন সংগ্রাম করতে পারেনি। তারা শুধু দলীয় আবাসিক অফিসে প্রেস কনফারেন্স করছে। জনগণ এখন তাদের আন্দোলন সংগ্রাম প্রত্যাখ্যান করেছে। তাই বলা যায় বিএনপির নেতৃত্ব মরা গাঙে আর কোনো দিন জোয়ার আসবে না।
বিএনপির পরিণতি মুসলীগ লীগের মতো হবে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি এখন অস্তিত্ব সংকটে। এদের পরিণতি হবে মুসলিম লীগের মত।
আওয়ামী লীগের বসন্তের কোকিল দরকার নেই মন্তব্য করে তিনি বলেন, আমাদের সুবিধাবাদী, খারাপ লোকের দরকার নেই। এরা দলে ঢুকে উইপোকার মতো সব খেয়ে ফেলে।

এসময় সম্মেলনের উদ্বোধক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধান বক্তা জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বিশেষ অতিথি দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আইন বিষয়ক সম্পাদক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহান আরা আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /এম