Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৫৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ২২, ২০২২ , ৪:৪৩ অপরাহ্ণ

সেবা বাদ দিয়ে ফের কর্মবিরতিতে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা সেবা বাদ দিয়ে ফের তিনদিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে মেডিকেল কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ কর্মরিবতির এ ঘোষণা দেন।

রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন বলেন, ‘বৃহস্পতিবার থেকে ধর্মঘট শিথিল করেছিলাম। এখন আমাদের দাবি নিয়ে কর্মসূচিতে দাঁড়িয়েছি। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এখানে অবস্থান করবো।’

তিনি বলেন, ‘আমাদের বেঁধে দেওয়া আলটিমেটাম শেষ হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ফলে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হওয়ায় আগামী তিনদিন কর্মবিরতি ঘোষণা করছি। পাশাপাশি প্রতিদিন সকাল ১০টা থেকে রামেক হাসপাতালে ইমারজেন্সি গেটের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হবে।’

তাদের কর্মসূচিতে একাত্মতা পোষণ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, স্বাচিপ সভাপতি প্রফেসর ডা. খলিলুর রহমান, বিএমএ সভাপতি ও রামেকের অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলী, রাজশাহী -২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বুধবার রাতে ছাদ থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রামেক হাসপাতালে ভাঙচুর চালান রাবি শিক্ষার্থীরা। এ সময় তারা ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালান। এর পরপরই কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার রামেক কর্তৃপক্ষ ও ইন্টার্ন চিকিৎসকরা যৌথ সমঝোতার মিটিংয়ের পর তারা ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দেয়। শুক্রবার সকাল থেকে নির্ধারিত ডিউটিতে ফিরলেও আজ ফের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।

আজকালের কন্ঠ /আর

প্রিন্ট করুন