Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৬, ২০২২ , ৮:০৩ অপরাহ্ণ

অর্থনৈতিক সংকটে রেমিট্যান্স খুবই গুরুত্বপূর্ণ: পরিকল্পনামন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আমিরাত প্রতিনিধি : বৈশ্বিক অর্থনৈতিক সংকটে প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। তাই দেশের উন্নয়নে ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে সহযোগী হতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো জরুরি। সংযুক্ত আরব আমিরাতের শারজার এক্সপো সেন্টারে গত শুক্রবার আইডিয়া গ্যালারিতে আয়োজিত তিন দিনব্যাপী প্রবাসী উৎসবের উদ্বোধনী অধিবেশনে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।

উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর।

প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসের উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। প্রবাসীদের সকল যৌক্তিক দাবি সমূহের ব্যাপারে সরকার খুবই আন্তরিক বলেও জানিয়েছেন মন্ত্রী। বিমানবন্দরে হয়রানি, সহজ উপায়ে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থাসহ যতগুলো পরামর্শ পেয়েছেন তা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। দেশের সকল ব্যাংক কর্তৃপক্ষকে প্রবাসীদের সেবার ব্যাপারে আরও সচেতন হতে নির্দেশনা দেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকারের সমালোচনা করা ভালো, তবে সমালোচনা রাজনীতির উদ্দেশে যেন না হয়। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, অর্থনীতি আর রাজনীতিকে এক করা উচিৎ না।

এ সময় বৈধপথে রেমিট্যান্স বাড়াতে হুন্ডি বন্ধ, অবৈধ স্বর্ণ চালান রোধন করা, বিমানবন্দরে হয়রানি বন্ধ, রেমিট্যান্স পাঠাতে চার্জ মওকুফ করা ও জাতীয় পরিচয়পত্রের জটিলতা নিরসনেসহ বিভিন্ন মতামত তুলে ধরেন প্রবাসীরা।

আজকালের কন্ঠ /আর

প্রিন্ট করুন