Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১৬, ২০২২ , ৪:৩৬ অপরাহ্ণ

রোমে বৈশ্বিক মানসিক স্বাস্থ্য সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

ইতালি প্রতিবেদক : বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ইতালির রোমে অনুষ্ঠিত দুদিনব্যাপী চতুর্থ গ্লোবাল মেন্টাল হেলথ সামিটে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘দক্ষতা, অধিকার এবং যত্ন’ এই তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে সকলের জন্য কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্য নিশ্চিত। এ লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের ৫২ টি রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করে।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। ‘কমিউনিটি মেন্টাল হেলথ’ শীর্ষক একটি কর্মশালায় তিনি বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইতালির স্বাস্থ্য মন্ত্রী রবার্তো স্পেরেনজা বক্তব্য রাখেন।

স্বাস্থ্য মন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশের জনসম্পৃক্ত স্বাস্থ্য ব্যবস্থার বিস্ময়কর অর্জনের উদাহারণ দিয়ে কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। গত শুক্রবার সকালে কান্ট্রি ইন্টারভেনশন পর্বে জাহিদ মালেক কমিউনিটি মেন্টাল হেলথ এবং ইনোভেশন এন্ড মেন্টাল হেলথের উপর তথ্য ও উপাত্তসহ বক্তব্য উপস্থাপন করেন।

স্বাস্থ্য মন্ত্রী করোনা মোকাবেলা এবং করোনা টিকাদানে বাংলাদেশের অনন্য সাফল্যের দৃষ্টান্ত উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে স্বাস্থ্যখাতে সাফল্যের ধারাবাহিকতায় মানসিক স্বাস্থ্যকেও সফলভাবে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে বাংলাদেশ সক্ষম হবে। তিনি বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষ আইন, নীতি এবং কর্মকৌশল রয়েছে বলে উল্লেখ করে বলেন, দেশের জনগণের মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীতি ও কর্মকৌশলের বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে ৮ টি বিভাগীয় শহরে নতুন ৮টি মানসিক স্বাস্থ্য হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ এবং জেলা উপজেলা পর্যায়ে এনসিডি কর্ণারে মানসিক স্বাস্থ্য সেবা দেওবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির জন্য স্কুল মেন্টাল হেলথ কার্যক্রম, এমএইচগ্যাপ প্রশিক্ষণসহ সরকারের গৃহীত নানা পদক্ষেপের বিষয়ে মন্ত্রী সম্মেলনে অংশগ্রহণকারীদের অবহিত করেন।

এর আগে গত ১২ অক্টোবর মন্ত্রীর নেতৃত্বে ৪-সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দল রোমে পৌঁছালে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান মন্ত্রীকে বিমান বন্দরে স্বাগত জানান। মন্ত্রী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দূতাবাসের কার্যক্রম পরিদর্শন করেন।

আজকালের কন্ঠ /আর

প্রিন্ট করুন