প্রেমিকার সঙ্গে দেখা করতে বরিশালে এসে ভারতীয় যুবকের মৃত্যু | Daily AjKaler Kontho

প্রেমিকার সঙ্গে দেখা করতে বরিশালে এসে ভারতীয় যুবকের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২২, ৭:৫৩ অপরাহ্ন
প্রেমিকার সঙ্গে দেখা করতে বরিশালে এসে ভারতীয় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বরিশালে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন ভারতের উত্তর প্রদেশের যুবক জাবেদ খান (২৯)। আজ বুধবার ভোর ৪টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, গত রোববার ভারতীয় যুবক জাবেদ খান বরিশালে আসেন। তিনি তার প্রেমিকা খুশির সঙ্গে দেখা করেন। এরপর সোমবার অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বরিশাল সদর হাসপাতালে এবং পরে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হচ্ছিল। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, গত রোববার সকাল ৭টা ৩৫ মিনিটে জাবেদ খান বরিশাল নগরীর কাটপট্টি এলাকার আবাসিক হোটেল এথেনায় ওঠেন। তিনি হোটেলের ৪১০ নম্বর কক্ষ ভাড়া নেন এবং ১০ অক্টোবর বিকেলে কক্ষটি ছেড়ে দেন।

হোটেলের ব্যবস্থাপক সাব্বির হোসেন বলেন, ‘জাবেদ খান কাউন্টারে ব্যাগ রেখে এক নারীর সঙ্গে বিকেল ৫টার দিকে বের হয়ে যান। পরে ওই নারী এসে তার ব্যাগ নিয়ে যায় এবং সে জানান যে, জাবেদ অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে। হোটেল থেকে ভারতীয় নাগরিক সুস্থ অবস্থায় হেঁটে বের হয়েছেন।’

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সেলিম জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় জাবেদ খানের মৃত্যু হয়েছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) সগীর হোসেন বলেন, ‘মারা যাওয়া ভারতীয় যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না।’

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ভারতীয় ওই নাগরিকের মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। কারণ উদঘাটন হলে সবিস্তারে জানানো হবে।

আজকালের কন্ঠ /আর