Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ১২, ২০২২ , ৬:১৫ অপরাহ্ণ

মেঘনায় মা ইলিশ ধরায় ৩২ জেলে গ্রেপ্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ৩২ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। আজ বুধবার সকালে পদ্মা-মেঘনার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ৪টি নৌকা ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে নৌ-পুলিশ। আজ বেলা ১১টার দিকে চাঁদপুর নৌ থানায় আটক ২০ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। বাকি ১২ জনকে জরিমানা করে ছেড়ে দেয় পুলিশ।

গ্রেপ্তার হয়েছেন রিপন বন্দুকশী (২০), আরিফ খান (২০), আল-আমিন বন্দুকশী (২১), জাকির বেপারী (২০), খোরশেদ গাজী (২০), লোকমান মিজি (২১), আব্দুর রব শেখ (৪৫), মিন্টু হাওলাদার (৪০), দুলাল গাজী (৭০), আব্দুল হাকিম শেখ (৩৫), খোরশেদ শেখ (৩২), শরীফ সৈয়ালসহ (২৫) আরও ।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘উৎপাদন বাড়াতে মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশসহ সকল মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রিও নিষিদ্ধ করেছে সরকার। তাই চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ সীমানায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে।’

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন