Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ অক্টোবর ৯, ২০২২ , ২:১৮ অপরাহ্ণ

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় জুবায়েরের মৃত্যু রহস্যজনক

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : চন্দ্রা-নবীনগর মহাসড়কের ওয়ালটন কারখানার সামনে সড়ক দুর্ঘটনায় জুবায়ের নামে (১৮) এক কলেজছাত্র নিহতের ঘটনা রহস্যজনক বলে অভিযোগ উঠেছে। হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শনিবার(৮ অক্টোবর) রাতে চন্দ্রা নবীনগর সড়কের ওয়ালটন কারখানার সামনে এ ঘটনা ঘটে।

বরিশাল সদর থানার শহীদুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন। সে আশুলিয়া ডিগ্রি কলেজের ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেল নিয়ে চার বন্ধু মিলে শনিবার সকালে আশুলিয়া বাতানটেক এলাকা থেকে রওয়ানা দেয় জুবায়ের। পরে টাঙ্গাইল ও চৌরাস্তা দিয়ে ঘুরে রাতে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথে চন্দ্রা এলাকায় ওই বন্ধুরা কয়েকঘণ্টা অবস্থান করে। পরে চন্দ্রা থেকে তারা রওয়ানা দিয়ে নবীনগর মহাসড়কের ওয়ালটন কারখানার সামনে পৌঁছালে সড়কে থাকা অজ্ঞাত একটি পিকআপ দাঁড়ানো দেখে মোটরসাইকেল ছিনতাই হবে এমন ভয়ে মোটরসাইকেল ফেলে দৌড় দেয় জুবায়ের। দৌড়ে চলে যাবার সময় চন্দ্রা থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক জুবায়েরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

জানা যায় ওই স্থানে বিগত দিনেও ডাকাতি, ছিনতাইসহ অনেক ঘটনা ঘটেছে। এ সময় অন্য বন্ধুরাও ভয়ে ঘটনাস্থল ত্যাগ করে চন্দ্রা চলে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করলেও মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সালনা (কোনাবাড়ি থানা) হাইওয়ে পুলিশের উপপরিদর্শক(এসআই) চান মিয়া জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনা এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ফুটেজ পেলে জানা যাবে কী ঘটনা ঘটেছিল।

আজকালের কন্ঠ /আর

প্রিন্ট করুন