স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৮০ রান করেছে বাংলাদেশ।
বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হন মেহেদী হাসান মিরাজ। টিম সাউদির বলে অ্যাডাম মিলনেকে ক্যাচ দেন ৫ রান করা এই ব্যাটার। এরপর নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস দলকে হাফসেঞ্চুরি পাইয়ে দেন। কিন্তু এরপরই বিদায় নেন লিটন। মিচেল ব্রেসওয়েলের বলে তাকেই ক্যাচ দিয়ে ফেরেন ১৫ রানে থাকা লিটন।
নতুন ওপেনার হিসেবে আসা নাজমুল হোসেন শান্ত তুলনামূলক ভালোই খেলছিলেন। তবে কিউই স্পিনার ইশ সোধির শততম টি-টোয়েন্টি উইকেটের শিকার হন এই ব্যাটার। ২৯ বলে ৪টি চারে ৩৩ করা শান্ত মার্ক চ্যাপম্যানকে ক্যাচ দেন।
মোসাদ্দেক হোসেন ও ইয়াসির আলী কেউই সুবিধে করতে পারেননি। মোসাদ্দেক ব্যক্তিগত ২ রানে সোধির দ্বিতীয় শিকার হন। আর ব্রেসওয়েলের বলে আউট হন ইয়াসির (৭)।
আজ রোববার ক্রাইস্টচার্চে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এ ম্যাচে দলে টাইগার দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
এর আগে নিউজিল্যান্ডে থেকেও পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। দীর্ঘ ভ্রমণক্লান্তির কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। তার পরিবর্তে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।
সাকিব ছাড়াও একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে বাদ পড়েছেন সাব্বির রহমান, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে। নিউজিল্যান্ডও পাকিস্তানের কাছে প্রথম ম্যাচ হেরে যায়। আজ হেরে যাওয়ার দুই দল মুখোমুখি হচ্ছে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড এখন পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি খেলেছে। যেখানে কিউইরা ১২টি জিতেছে। বাংলাদেশ জিতেছে ৩টি।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ।
নিউ জিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে।
আজকালের কন্ঠ /রাকিব