স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগ ওয়ানের ম্যাচে আজ (৮ অক্টোবর) রাতে মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেই। বাংলাদেশ সময় রাত ১টায় রেইসের বিপক্ষে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
তবে এই ম্যাচে মাঠে নামার আগে দলের সেরা তারকা লিওনেল মেসিকে ঘিরে দুঃসংবাদ পেল পিএসজি। ইনজুরি সমস্যায় এই ম্যাচে মাঠে নামতে পারবেন না আর্জেন্টাইন অধিনায়ক। নিজেদের ওয়েবসাইটে আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।
যেখানে তারা জানিয়েছে, পায়ের পেশিতে চোট পাওয়ায় ছিটকে গেছেন মেসি। যদিও খুব শিগগিরই আবার অনুশীলনে ফিরবেন মেসি এমনটাই প্রত্যাশা ক্লাবটির।
নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে পিএসজি জানায়, চোটে রেইসের বিপক্ষে ছিটকে গেছেন মেসি। পায়ের পেশিতে আঘাত পেয়েছেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর এই মুহূর্তে চিকিৎসকদের তত্ত্বাবধায়নে আছেন তিনি। আগামীকাল বাকি পরীক্ষা-নিরীক্ষা শেষে মেসি কবে আবার মাঠে ফিরবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।
গত বুধবার (৫ অক্টোবর) বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলার সময় চোট পান মেসি। যার কারণে খেলা শেষের ৯ মিনিট আগেই তাকে তুলে নেন পিএসজির কোচ ক্রিস্তোফ গ্যালতিয়ের। ওই ম্যাচে পিএসজির পক্ষে একমাত্র গোল আসে মেসির পা থেকেই। যদিও ড্র করায় পয়েন্ট হারায় ফরাসি ক্লাবটি।
আজকালের কন্ঠ /রাকিব