মোঃ মেহেদী হাসান(বাচ্চু)পটুয়াখালীঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক শাহী মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৮ অক্টোবর) ভোর রাতে এ চুরির ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় মসজিদ কমিটির সভাপতি মোঃ বাবুল হাওলাদার বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি
লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদের ভিতরে দান বাক্সে ২-৩ মাসের দানের প্রায় ৩ লক্ষ টাকা জমা ছিলো। যে টাকা দিয়ে মসজিদের ইমামের বেতন, উন্নয়নমুলক কাজ এবং বাৎসরিক মাহফিলের কাজে ব্যয় করা হয়ে থাকে। গত ৭ অক্টোবর মসজিদের ইমাম ও খাদেম মাওলানা ইব্রাহিম সভাপতির নিকট থেকে ১ দিনের ছুটি নিয়ে এশার নামাজ শেষে বাড়িতে যান।
এসময় স্থানীয় ইউনুচ নামে এক ব্যক্তিকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। ইউনুচ ফজরের নামাজ পড়ানোর জন্য মসজিদে প্রবেশ করে বাতি জ্বালায়। এসময় দেখেন যে মসজিদের মেঝেতে কাগজপত্র ছড়ানো ছিটানো এবং দান বাক্সের তালা ভাঙ্গা। বিষয়টি তিনি পরিচালনা কমিটির সভাপতিকে মুঠোফোন জানালে তারা এসে দেখে বাক্সের ভিতরে কোন টাকা নেই এবং আলমারিতে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নিয়ে গেছে।
এবিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। ইতিহাস থেকে জানা যায়, গৌড়ের ইলিয়াস শাহী বংশের উত্তরাধিকারী নাসিরউদ্দিন মাহমুদ শাহের ছেলে রুকুনউদ্দীন বারবক
শাহের (১৪৫৯-১৪৭৬ খ্রি.) শাসনামলে খান-ই-মোয়াজ্জেম উজিয়াল খান ১৪৬৫ খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেন।
আজকালের কন্ঠ /আর