বাগেরহাটের বাগানে উদ্ধার অজগর : সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি বাগান থেকে অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বনকর্মীরা।
উপজেলার সাউথখালী ইউনিয়নের মধ্যে সোনাতলা গ্রামের কবীর মুন্সির বাড়ির বাগান থেকে বৃহস্পতিবার রাতে অজগরটি উদ্ধার করে বনবিভাগ। সুন্দরবনের ধাবড়ি এলাকায় সেটি অবমুক্ত করা হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষকা (এসিএফ) মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, সাউথখালী ইউনিয়নের মধ্যে সোনাতলা গ্রামের কবীর মুন্সির বাড়ির বাগানে ফোঁস ফোঁস শব্দ পেয়ে লোকজন টর্চ লাইটের আলো দিয়ে একটি অজগর সাপটি দেখতে পায়।
“পরে তারা বনবিভাগে খবর দিলে বনকর্মীরা সেখানে যেয়ে অজগর সাপটি উদ্ধার করে। এটি লম্বায় ১৮ ফুট এবং ওজন ৮০ কেজি।” অজগরটি সুন্দরবনের মরা ভোলা নদী সাঁতরে শরণখোলা উপজেলার মধ্যে সোনাতলা গ্রামের চলে আসে বলে ধারণা এ বন কর্মকর্তার।
আজকালের কন্ঠ /সওকাত /মিজান