রাত পোহালেই ঢাকা উত্তর-দক্ষিণ আ’লীগের সম্মেলন | Daily AjKaler Kontho

রাত পোহালেই ঢাকা উত্তর-দক্ষিণ আ’লীগের সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০১৯, ১২:০১ পূর্বাহ্ন
রাত পোহালেই ঢাকা উত্তর-দক্ষিণ আ’লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ জন্য সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।

ওই দিন বেলা ১১টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর উত্তর ও দক্ষিণের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকালে রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে মহানগরের দুই অংশের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

শুক্রবার বিকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান আজকালের কন্ঠেকে বলেন, সম্মেলনের সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে। জমকালো আয়োজনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ঢাকা উত্তরের দুই হাজার কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে সম্মেলনের আয়োজন করা হচ্ছে। প্রস্তুতি শেষ পর্যায়ে। আশা করছি উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও এর চারপাশজুড়ে সাজসাজ রব পড়েছে। ঢাকার বিভিন্ন এলাকা পদপ্রত্যাশী নেতাদের ছোট-বড় ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজকালের কন্ঠ /মিজান