Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৭, ২০২২ , ৩:২৪ অপরাহ্ণ

হাফেজ তাকরিমের সাফল্যে প্রধানমন্ত্রীও খুশি

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে সংবর্ধনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, যত দ্রুত সম্ভব তাকরিমকে সংবর্ধনা দিতে। তাই আমরা আর দেরি করিনি। তাকরীমের সাফল্যে প্রধানমন্ত্রীও খুশি।’

এ সময় হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে বই ও ক্রেস্ট উপহার দেয় ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয় ২ লাখ টাকার চেক।

সংবর্ধনায় বক্তারা বলেন, হাফেজ সালেহ আহমাদ তাকরিমের অর্জন দেশ ও জাতির জন্য সুনাম বয়ে এনেছে, যা দেশের অন্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

সৌদি আরবে ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন হাফেজ সালেহ আহমাদ তাকরিম। ২২ সেপ্টেম্বর রাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় তাকরিমকে এক লাখ রিয়াল পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এর আগেও কোরআনের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছিলেন হাফেজ সালেহ আহমাদ তাকরিম। তিনি তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। এরপর লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান লাভ করেন।

প্রসঙ্গত, টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে হাফেজ সালেহ আহমাদ তাকরিম। তিনি রাজধানীর ‘মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামি মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন