Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ২৪, ২০২২ , ৬:০২ অপরাহ্ণ

সাফজয়ীদের চুরি হওয়া অর্থ দিল বাফুফে

লেখকঃ আজকালের কণ্ঠ

স্পোর্টস ডেস্ক : নেপাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফেরার পর বাংলাদেশের নারী ফুটবলারদের লাগেজ থেকে ডলার চুরির ঘটনা ঘটে। এনিয়ে গত কয়েক দিনে আলোচনা-সমালোচনা কম হয়নি। এর মধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে সাবিনাদের সেই অর্থ দেয়া হয়েছে।

চুরি হওয়া অর্থের সন্ধান পাওয়া না গেলে তা ফেডারেশনের পক্ষ থেকেই দেয়া হবে বলে আগেই জানিয়েছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অবশেষে সাবিনারা সেই অর্থ হাতে পেলেন। কৃষ্ণা রানি পেয়েছেন দেড় লাখ, শামসুন্নাহার পেয়েছেন ১ লাখ টাকা। সানজিদাকে দেয়া হয়েছে আইফোন ১৩ ম্যাক্স।

দেশে ফিরে সংবর্ধনা শেষে ফুটবলাররা যখন লাগেজ হাতে পান, তখন ডলার চুরির বিষয়টি নজরে আসে। সাফজয়ী দলের দুই সদস্য কৃষ্ণা রানি সরকার ও শামসুন্নাহার সিনিয়রের লাগেজ ভেঙে ডলার ও টাকা চুরি হয়, খোয়া যায় দুজনের ১৩০০ ডলার। এছাড়া দলের অন্যান্য সদস্যের লাগেজও পাওয়া যায় ভাঙা অবস্থায়।

এ ঘটনার পর বাফুফের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিভিল এভিয়েশনকে আনুষ্ঠানিক চিঠি দেয়ার কথা জানান কিরণ। এছাড়া মতিঝিল থানা ও এয়ারপোর্ট থানায়ও সাধারণ ডায়েরি করা হয়।

অনুসন্ধান শেষে এক বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, নারী খেলোয়াড়দের নেপাল থেকে বাংলাদেশ বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল মেনে আনা হয়েছে। এখানে এমন কোনো ঘটনা (চুরি) ঘটতে পারে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লাগেজগুলো বুঝে নেয়ার সময় লাগেজ থেকে কোনো কিছু খোয়া যাওয়ার বিষয়ে তখন কেউ কোনো অভিযোগ করেনি। এছাড়া বৃহস্পতিবার এয়ারপোর্টের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে লাগেজে চুরির বিষয়ে তোলা অভিযোগের সত্যতাও পাওয়া যায়নি।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন