Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৮, ২০২২ , ৭:৫১ অপরাহ্ণ

২০২৩ সালে সব বিষয়ে এসএসসি-এইচএসসি পরীক্ষা

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির কারণে গত ৩ বছর ধরে শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে। এর মধ্যে কখনো পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ হয়েছে, আবার কখনো পরীক্ষা হলেও সব বিষয়ে হয়নি। কিন্তু আগামী ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ‘২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্যান্য প্রতিটি বিষয়ে তিন ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে তিন ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টা অনুষ্ঠিত হচ্ছে।

চলতি বছর সেপ্টেম্বর মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হলেও আগামী বছরের পরীক্ষা মার্চ মাসে শুরু করার পরিকল্পনা রয়েছে বলে এর আগে জানিয়েছিলেন শিক্ষাসচিব। এছাড়া, এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলের পরিবর্তে মাসখানেক পেছাতে পারে বলে জানান তিনি।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন