Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৭, ২০২২ , ৬:০৯ অপরাহ্ণ

“আবু হেনা রনি নিজেই আগুন, ওকে পোড়ায় কার সাধ্য?”: মীর আফসার আলী

লেখকঃ আজকালের কণ্ঠ

বিনোদন ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়েছেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। বর্তমানে তিনি ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

রনির দগ্ধ হওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন তার ভক্ত ও শুভাকাঙ্খীরা। তার সুস্থতায় ওপার বাংলা থেকে শুভাকাঙ্খীরা শুভেচ্ছা জানাচ্ছেন। এ কাতারে যোগ দিলেন জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’-এর উপস্থাপক, গায়ক ও অভিনেতা মীর আফসার আলী খান।

আজ শনিবার বিকেলে দেওয়া এক পোস্টে মীর লিখেছেন, ‘আবু হেনা রনি নিজেই আগুন। ওকে পোড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই।’

এদিকে, রনি এখনো আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন। তিনি বলেন, কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। ৭২ ঘণ্টার আগে কিছুই বলা যাবে না। বর্তমানে তাদের পুরুষদের জন্য নির্ধারিত হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসা চলছে।

এ চিকিৎসক জানান, আবু হেনা রনির দেহের ২৫ শতাংশ ও কনস্টেবল জিল্লুর রহমানের দেহের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে।

আবু হেনা রনি একাধারে স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেতা, উপস্থাপক ও মডেল। তিনি ২০১১ সালে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬’-এ বিজয়ী হন।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর জেলা পুলিশ লাইনস মাঠে একটি অনুষ্ঠানে এ দুর্ঘটনায় আবু হেনা রনি ছাড়াও আরও চার জন দগ্ধ হন। তাদের মধ্যে রনিসহ তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়। রনি ও জিল্লুর ছাড়া চিকিৎসাধীন অপরজনের নাম মোশাররফ হোসেন।

আজকালের কন্ঠ /রাকিব

প্রিন্ট করুন