রাকিব রেজা : আওয়ামী লীগ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে। তাই আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমিক শেখ হাসিনার নেতৃত্বে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
১৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে ওয়ারী থানা ও ৩৮, ৩৯, ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির ২০০১ সালে পোড়ামাটির নীতি নিয়ে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। এই বিএনপি তাদের সঙ্গী জামাতকে নিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এই অপশক্তি বিএনপি জামায়াত সুযোগ পেলে আমাদের একশ বছর পিছিয়ে দেবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করা। খুনি, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে ১৯৭৫ সালে আমরা স্বপরিবারে জাতির পিতাকে হারিয়েছি। জাতির পিতার সুযোগ্য সন্তান শেখ হাসিনা আমাদের নেতৃত্ব দিয়ে দীর্ঘ লড়াই সংগ্রাম করে উন্নয়নের পথে নিয়ে গিয়েছেন। তিনি আমাদের বিশ্ব দরবারে সম্মানিত করেছেন। তার এই অগ্রযাত্রা সমুন্নত রাখার জন্য আমাদের কাজ করতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম.পি, প্রেসিডিয়াম সদস্য এড. জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ।
আজকালের কন্ঠ /এস এম