দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, দেশের মানুষ যেন সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেই সব ধরনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন। দেশের সব সরকারি হাসপাতালে ব্যাপক হারে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়েছেন।
মঙ্গলবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির ২৩তম সভায় এসব কথা বলেন তিনি।
হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা প্রত্যেক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। চিকিৎসাক্ষেত্রে কোনো দুর্নীতি ও অবহেলা সহ্য করা হবে না। সম্ভাব্য সব চিকিৎসা ও অপারেশন সরকারি হাসপাতালেই সম্পন্ন করতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে করোনার টিকা দিয়ে দেশের মানুষের জীবন রক্ষা করেছেন। এছাড়া দেশের চিকিৎসকরা জীবন বাজি রেখে করোনা রোগীদের চিকিৎসা করেছেন। এজন্য দেশবাসী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও চিকিৎসকদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
ইকবালুর রহিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সব বাধা-ষড়যন্ত্র কাটিয়ে উঠে দেশ ও মানুষের জীবনমান আজ অনেক উন্নত। ঠিকানাহীন মানুষের নিজস্ব আশ্রয় হয়েছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, ক্রীড়াঙ্গনসহ সব ক্ষেত্রেই হয়েছে অভূতপূর্ব উন্নয়ন। এত উন্নয়ন আর কোনো সরকারের আমলে হয়নি।
এ সময় দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক, উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের পরিচালক ডা. কাজী শামীম হোসেন, উপ-পরিচালক ডা. মো. নবিউর রহমান, সহকারী পরিচালক ডা. মো. সারওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ /রাকিব