নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সীমান্তে গোলা ছোড়ার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তৃতীয় বারের মতো তলব করা হয়েছে। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ।
গতকাল শনিবার বাংলাদেশ সীমান্তে গোলা ছুড়ে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের যুদ্ধবিমান থেকে ছোড়া দুইটি গোলা এসে পড়ে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সীমান্তের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়।
এর আগে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছিলেন, মিয়ানমার সীমান্তের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে রোববার তলব করা হবে। এ ঘটনায় তাদের কড়া প্রতিবাদ জানানো হবে।
গত ২০ ও ২৮ আগস্ট মিয়ানমার থেকে মর্টারশেল বাংলাদেশে এসে পড়ে। সে কারণে ২১ ও ২৯ আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো হয়। এবার দুই সপ্তাহের ব্যবধানে তৃতীয় বারের মতো সীমান্তের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হলো।
আজকালের কন্ঠ /রনি