Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৫৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩১, ২০২২ , ১:৪১ অপরাহ্ণ

বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু, আহত ২

লেখকঃ আজকালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শরিফুল ইসলাম ভদু (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আরো দুজন আহত হয়েছেন।

নিহত শরিফুল উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাওলানাপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে ওহিদুর রহমান (৩৫) ও একই ইউনিয়নের মড়লপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে বাবু।

স্থানীয়রা জানান, শিংনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে বেশ কয়েকজন গরু আনতে যায়। পরে মঙ্গলবার দিবাগত রাতে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে দেখে গুলি ছুড়ে। এতে ভদু নামের একজন মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো দুজন।

মনাকষা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুজন গুলিবিদ্ধ ও একজন নিহত হয়েছে। তবে নিহত বক্তির লাশের এখনো সন্ধান পাওয়া যায়নি।’

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন জানান, ‘শিংনগর সীমান্তের বিষয় শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ এলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিজিবির পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।’

আজকালের কন্ঠ /আর /সাহিন

প্রিন্ট করুন