স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন, তিন ফরম্যাট মিলিয়ে জাতীয় দলের খেলা বেড়ে যাওয়ার পাশাপাশি চোট সমস্যার কারণে এই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অবসরের ঘোষণা দেওয়া আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গেও আলোচনা করেছেন বলে জানিয়েছেন গ্র্যান্ডহোম। এসময় তিনি নিজেকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দিতে অনুরোধও করেন। নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে ডি গ্র্যান্ডহোমের অবসরের বিষয়টি নিশ্চিত করেন।
যেখানে এই কিউই ক্রিকেটার বলেন, ‘আমি সময়ের সঙ্গে যে তরুণ হচ্ছি না, এই সহজ সত্য মেনে নিচ্ছি। সময়ের সঙ্গে অনুশীলন প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়ছে আমার জন্য। বিশেষ করে চোটাক্রান্ত থাকায়। এছাড়াও আমার পরিবার বড় হচ্ছে। আমি তাই ক্রিকেট পরবর্তী জীবন নিয়ে ভাবছি।
আর এই সবকিছু গত কিছু সপ্তাহ ধরে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ২০১২ সালে অভিষেকের পর ব্ল্যাকক্যাপসদের জার্সিতে খেলতে পারা আমার জন্য দারুণ সৌভাগ্যের। আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গর্ববোধ করি। তবে আমি ফিল করছি থেমে যাওয়ার এখনই সঠিক সময়।’
এদিকে গত সপ্তাহে বিগ ব্যাশ লিগে অ্যাডিলেইড স্ট্রাইকার্সে নিলামে যোগ দেন ডি গ্র্যান্ডহোম। যা অনেকটা অবাক করেছে নিউজিল্যান্ড ক্রিকেটকে। সে সময় কিউই ক্রিকেট বোর্ডের একজন বলেছিলেন, ‘ডি গ্র্যান্ডহোমের সঙ্গে আলোচনা করে আমরা সেরা উপায় খুঁজে বের করবো।’
কিউইদের জার্সিতে ডি গ্র্যান্ডহোম ১০ বছরের ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে মোট ১১৫ ম্যাচ খেলেছিলেন। তিন ফরম্যাট মিলিয়ে ২৬৭৯ রান করেছেন তিনি। এছাড়াও বল হাতে ৯১ উইকেট শিকার করেছেন এই ডানহাতি মিডিয়াম পেস অলরাউন্ডার।
ডি গ্র্যান্ডহোম নিজের ক্যারিয়ারে কিউই দলের নিয়মিত মুখ হিসেবেই দলে সুযোগ পেতেন। এছাড়াও সামনের বছরের জন্যও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন এই ক্রিকেটার। তিনি কিউইদের জার্সিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পাশাপাশি ২০১৯ সালের বিশ্বকাপে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন।
আজকালের কন্ঠ /রনি