বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান। তার লেখা জনপ্রিয় গানগুলো মধ্যে রয়েছে ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’, ‘আমি বন্দী কারাগারে’, ‘কলমে নাই কালি’, ‘আমার লাইন হইয়া যায় আঁকাবাঁকা’সহ আরও অনেক। সামাজিক মাধ্যমে সমালোচিত হিরো আলমের জন্য গান লিখে এবার তোপের মুখে পরেছেন তিনি।
হিরো আলমকে দিয়ে বরেণ্য এই গীতিকার-সুরকার তার লেখা ও সুর করা দুটি গান গাইয়েছেন। যা গত শনিবার সন্ধ্যায় রেকর্ড করা হয়। আর গতকাল বিষয়টি প্রকাশ্যে আসার পরই হাসান মতিউর রহমানকে নিয়ে নেটদুনিয়া জুড়ে সমালোচনা ঝড় বইছে।
হাসান মতিউর রহমান এক ফেসবুকে পোস্টে জানিয়েছেন, ‘আজ (শনিবার) সন্ধ্যায় গানমতি’র সঙ্গে যুক্ত হলো আমাদের হিরো আলম। এই প্রথম আমার কথা সুরে দুটি গান গাইল সে। সম্মানিত শ্রোতাদের রুচিকে অশ্রদ্ধা করার ধৃষ্টতা আমার আগেও ছিল না। এখনও নেই। আসছে শিগগির।’
তার এমন পোস্টের পরপরই শুরু হয় বিতর্ক। অনেক শিল্পী, সুরকার ও গীতিকার হাসান মতিউর রহমানের মতো সিনিয়রের এমন কাজের জন্য ঘৃণা প্রকাশ ও প্রতিবাদ জানান।
গীতিকার আহমেদ রিজভী লিখেন, ‘এইবার ফাটাফাটি হবে। জাতি পাবে সম্ভাবনাময় অসম্ভব বেসুরা জাতীয় শিল্পী।’
গায়িকা রন্টি দাশ লিখেছেন, ‘নিজেকে শিল্পী বলে পরিচয় দিতেই এখন লজ্জা হয়, যান দিলাম আপনাকে ব্লক করে। আপনার মতো ডট ডট ডট…কার আমার fbতে জায়গা নাই, আপনাকে দিয়ে শুরু। আরও কিছু চামচা আছে, আস্তে আস্তে সব বাদ যাবে।’
গায়ক লুৎফর হাসান লিখেছেন, ‘মিউজিক ইন্ডাস্ট্রির লোকটা ক্ষমতায় থাকা দলের গুরুত্বপূর্ণ পদে আছেন। এজন্য কেউ তাকে ভয় পায়, কেউ ত্যাল দেয়। আর আমরা অনেকে দূর থেকে বিচ্ছিন্ন কিছু কাজের জন্য সম্মান করি। তিনি ভেবেছিলেন, এই ক্ষমতা চিরকালের, লোকে ভয় পায় বা ত্যাল দেয় সেটাও চিরকালের। কিন্তু সম্মানটা যে দেয় সেটা চিরকালের না। সম্মান নড়ে যায়। সম্মান পড়ে যায়।’
এছাড়াও হাসান মতিউর রহমানকে নিয়ে সমালোচনা করেছেন গায়ক আসিফ আকবর, মিলন মাহমুদ, শাহরিয়ার রাফাত, জেকে মজলিশ, আহমেদ হুমায়ূন, খাইরুল ওয়াসি, রন্টি দাস, খন্দকার বাপ্পী, গীতিকার তারেক আনন্দ, ওমর ফারুকসহ অনেকে। সবার সমালোচনার মুখে হিরো আলমকে নিয়ে করা গানের পোস্টটিও ডিলিট করে দেন হাসান মতিউর রহমান। পোস্টের মতো গান দুটিও ডিলিট করে দেওয়ার আহ্বান জানান কেউ কেউ।
আজকালের কন্ঠ /আর